| 01/17/2011 2:55 pm |
 Administrator Forum Addict

Regist.: 01/16/2011 Topics: 77 Posts: 29
 OFFLINE | মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০১১
অর্থনৈতিক রিপোর্টার: শেয়ারবাজার থেকে হারিয়ে গেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। কোন পদক্ষেপেই তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তাদের সঙ্গে যুক্ত হয়েছে একক বড় বিনিয়োগকারীরাও। তারাও বিনিয়োগের টাকা শেয়ারবাজার থেকে তুলে নিয়ে বাজার পর্যবেক্ষণ করছেন। ফলে শেয়ারবাজারকে তারল্য সঙ্কটে ভুগতে হচ্ছে। ওদিকে গত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে গতকাল। মাত্র ৮৪৬ কোটি টাকা লেনদেন হয়েছে। একই সঙ্গে ডিএসইতে সাধারণ মূল্যসূচক, বেশির ভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন কমেছে। বাজার বিশ্লেষকরা বলেন, তারল্য সঙ্কটে ভুগছে শেয়ারবাজার। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থার সঙ্কটও রয়েছে। ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইতে ৮৪৮ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে গত ১৫ই এপ্রিল ৭৭২ কোটি টাকার লেনদেন হয়। এছাড়া গত ৬ই জানুয়ারি ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৯৬৯ কোটি টাকা। এ ছাড়া গত ৫ই ডিসেম্বর ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ ৩২৪৯ কোটি টাকার লেনদেন হয়েছিল। এই হিসাবে ২৪০১ কোটি টাকা কম লেনদেন হয়। এ ব্যাপারে ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, বাজারে বর্তমানে বেশ তারল্য সঙ্কট রয়েছে। মাঝে মাঝে বিভিন্ন উপায়ে বাজারে ঠেক দেয়া হচ্ছে। তবে এক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতাও রয়েছে।
আগামী মাসের শুরুতে বাজার আবার ঘুরে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বলে জানা গেছে। ডিএসইতে সাধারণ সূচক ৫৭ পয়েন্ট পতন হয়েছে। চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও পাঁচ মিনিটের মাথায় সূচকের পতন শুরু হয়। বেলা ১১টা ২৫ মিনিটে সূচক ৭৮ পয়েন্ট কমে যায়। এরপর একাধিকবার কিছুটা ঘুরে দাঁড়ালেও দিন শেষে সূচক ৫৭ পয়েন্ট কমে ৭৩৭৭.৫৮ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে মোট চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর বাজার মূলধন তিন লাখ ২১ হাজার ৫৮৬ কোটি টাকা।
|
|
|