| 01/18/2011 7:52 am |
 Administrator Forum Addict

Regist.: 01/16/2011 Topics: 77 Posts: 29
 OFFLINE | বুক বিল্ডিং পদ্ধতিতে নতুন কোম্পানির শেয়ারের চূড়ান্ত মূল্য নির্ধারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দর প্রস্তাব (বিডিং) প্রক্রিয়া সংশোধন হলেও নিজেই তা মানছে না সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংশোধিত বিধিতে দরপ্রস্তাবের জন্য দু'দিন সময় নির্ধারণ করলেও ইউনিক হোটেল এন্ড রিসোর্টকে সর্বোচ্চ ৫ দিন সময় দেয়া হয়েছে। সংশোধনী কার্যকরের ১৫ দিনের মধ্যেই কমিশনের এ শিথিলতা ভবিষ্যতে বিধিটি প্রয়োগের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে।
জানা গেছে, গত ২৯ ডিসেম্বর বিভিন্ন কোম্পানির আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত কোটা বরাদ্দ পেতে শেয়ারের দর প্রস্তাব বা নিলাম প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দুই কার্যদিবস সময় রাখার প্রজ্ঞাপন জারি করে এসইসি। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর নিলাম শেষ হওয়া এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য আবেদনপত্র জমা নেয়ার সময়ের মধ্যে ১৫ কার্যদিবস ব্যবধান থাকতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করে এসইসি। কিন্তু এ প্রজ্ঞাপন জারির মাত্র ১৫ দিনের মধ্যে গত ১৩ জানুয়ারি ইউনিক হোটেল এন্ড রিসোর্স লিমিটেডের আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিলাম প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দুই কার্যদিবসের পরিবর্তে এসইসি থেকে ৩ থেকে ৫ কার্যদিবস সময় দেয়া হয়েছে। একই সাথে এ কোম্পানির আইপিওর জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর নিলাম শেষ হওয়া এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য আবেদন জমা নেয়ার সময়ের ব্যবধান ১৫ কার্যদিবস থেকে বাড়িয়ে ২৫ কার্যদিবস করার অনুমোদন দিয়েছে এসইসি।
উল্লেখ্য, ইউনিক হোটেল এন্ড রিসোর্স লিমিটেডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্যের প্রস্তাব করা হয়েছে ১৮৫ টাকা (১৭৫ টাকা প্রিমিয়ামসহ)। এ কোম্পানির পরিশোধিত মূলধন হচ্ছে ২৩০ কোটি টাকা। আইপিও পরবর্তী পরিশোধিত মূলধন দাঁড়াবে ২৬০ কোটি টাকায়। প্রতিষ্ঠানটি মোট ৩ কোটি শেয়ার ছেড়ে ৫শ ৫৫ কোটি টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহের প্রস্তাব করেছে। এ টাকা দিয়ে প্রতিষ্ঠানটি আরো ৩টি ফাইভ স্টার হোটেল করবে বলে জানিয়েছে।
|
|
|