Page 1 / 1
!!! বিতর্কিত বুকবিল্ডিং পদ্ধতি স্থগিত !!
01/19/2011 11:10 am

Administrator
Forum Addict


Regist.: 01/16/2011
Topics: 77
Posts: 29
OFFLINE
অবশেষে শেয়ারের দর নির্ধারণে বিতর্কিত বুকবিল্ডিং পদ্ধতি স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। পুঁজিবাজারে তালিকাভুক্তির আগেই অতি মূল্যায়ন রোধ এবং বর্তমান পরিস্থিতিতে বাজার থেকে অতিরিক্ত অর্থ স্থানান্তরের সুযোগ বন্ধে এসইসি বুকবিল্ডিং পদ্ধতি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেয়। বুধবার এসইসির বাজার পর্যালোচনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে বুধবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় অনুষ্ঠিত বৈঠকে বুকবিল্ডিং পদ্ধতি স্থগিত রাখার পরামর্শ দেয়া হয় বলে জানা গেছে। তবে ইতিমধ্যেই বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারের দর নির্ধারণে এসইসির অনুমোদন পাওয়া কোম্পানিগুলোর জন্য এ স্থগিতাদেশ কার্যকর হবে না বলে জানা গেছে।
সূত্র জানায়, পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারের অতি মূল্যায়নের বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে বলা হয়, বুকবিল্ডিং পদ্ধতি ব্যবহার করে অনেক কোম্পানি শেয়ারবাজারে আসার আগেই শেয়ারের অস্বাভাবিক মূল্য নির্ধারণ করছে। এর ফলে বাজার থেকে অতিরিক্ত অর্থ স্থানান্তরিত হয়ে যাচ্ছে। এই পদ্ধতিতে মূল্য নির্ধারণের পর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জমা হওয়ায় শেয়ারবাজারে বর্তমান অর্থ সংকট বেড়ে যাচ্ছে। এ অবস্থায় বাজারের বর্তমান পরিস্থিতিতে বুকবিল্ডিং পদ্ধতি স্থগিত রাখার প্রস্তাব করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই প্রস্তাবে সম্মতি প্রকাশ করে বাজারে স্বাভাবিক অবস্থা না ফেরা পর্যন্ত বুকবিল্ডিং পদ্ধতি স্থগিত রাখার পরামর্শ দেন।
উল্লেখ্য, ২০০৯ সালে আইন প্রণয়নের এক বছর পর ২০১০ সালের মার্চ মাস থেকে বুকবিল্ডিং পদ্ধতির বাস্তব প্রয়োগ শুরু হয়। ইতিমধ্যে ওশেন কন্টেইনার এবং খুলনা পাওয়ার এই পদ্ধতিতে মূল্য নির্ধারণ করে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারে শেয়ার বিক্রি শুরু করেছে। এছাড়া আরএকে সিরামিকস, মালেক স্পিনিং বুকবিল্ডিং পদ্ধতিতে মূল্য নির্ধারণের পর আইপিওতে লটারির মাধ্যমে বরাদ্দ প্রক্রিয়া শেষ করে। বুকবিল্ডিং পদ্ধতি প্রয়োগ করা এসব কোম্পানির শেয়ারের দর নিয়েই বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে। শেয়ারবাজারে লেনদেন শুরুর আগেই প্রতিটি কোম্পানির শেয়ার অতি মূল্যায়িত হয়েছে বলে তারা মনে করেন। সে সময় বুকবিল্ডিং পদ্ধতিতে নির্দেশক মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোম্পানিগুলো নিজেদের পছন্দ মতো প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার মাধ্যমে অতিরিক্ত নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
Quote   
Page 1 / 1
Login with Facebook to post
Preview